পেঁয়াজের দাম কেন মাত্র দশ দিনের মধ্যে দ্বিগুণ?

image 86

দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় ক্রেতাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম দ্বিগুণ হওয়ায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করছেন।

রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজের কেজি দরের সীমা ১১০ থেকে ১২০ টাকা। পাইকারি বাজারে দাম রয়েছে ৯৫ থেকে ১০৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ হওয়ায় দেশি পেঁয়াজের সরবরাহ সীমিত এবং ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন খুচরা বাজার ও মুদি দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহজুড়ে পেঁয়াজের দাম প্রায় প্রতিদিনই কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর গুদারাঘাট কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী রিপন মিয়া জানান, “গতকাল পেঁয়াজ বিক্রি করেছি ১০০ টাকায়, আজ মান অনুযায়ী ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজার থেকে যে দামে আমরা কিনি, সেই অনুযায়ী বিক্রি করতেই হয়। দাম কয়দিনের মধ্যে দ্রুত বাড়ছে।”

চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজশাহীর পাইকারি ব্যবসায়ী এবং পেঁয়াজ আমদানিকারকরা বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি অনুমতি দীর্ঘদিন বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। তাদের মতে, চাহিদার সঙ্গে মিল রেখে যদি কয়েক দিনের মধ্যে যোগান বাড়ানো না হয়, তাহলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম আরও বাড়তে পারে।

তবে বাংলাদেশ কনজ্যুমার অ্যাসোসিয়েশন (ক্যাব) মনে করছে, বর্তমানে পেঁয়াজের দাম বৃদ্ধির আর কোনো বিশেষ কারণ দেখা যায়নি।