ভোলা-বরিশাল সেতুর দাবিতে সরব অভিনেতা তৌসিফ

image 398

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বিচ্ছিন্ন ভোলা জেলার প্রায় ২০ লাখ মানুষের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের স্থলযোগ নিশ্চিত করতে বহুদিন ধরে চলা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,
“ভোলা–বরিশাল সেতু চাই আন্দোলনের সঙ্গে ভোলার সন্তান হিসেবে আমি একাত্মতা প্রকাশ করছি।”

তৌসিফ বলেন, দীর্ঘদিন ধরে ভোলার মানুষ যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন। উন্নত চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য নাগরিক সুবিধা—কিছুই সহজলভ্য নয়। তাই সেতুর দাবিতে আন্দোলনকারীদের সাহস, দৃঢ়তা ও ত্যাগ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।

তিনি জানান, ভোলার দক্ষিণাঞ্চল চরফ্যাশন থেকে যাত্রা শুরু করা আন্দোলনকারীরা পায়ে হেঁটে তেঁতুলিয়া নদী পার হয়ে পদ্মা সেতুর দিকে অগ্রসর হন। সেতু পার হওয়ার অনুমতি না পেয়ে হাড়কাঁপানো শীতের মধ্যে সাঁতরে পদ্মা নদী পার হন—এতে দু’জন আহতও হন। এরপর মোট ৩৫০ কিলোমিটার হেঁটে তারা ঢাকায় পৌঁছান এবং টানা আট দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন।

ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনকারীরা ইতোমধ্যে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি এবং শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনও করা হয়েছে।

গত শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর শাহবাগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন, যা এলাকাকে উত্তাল করে তোলে দীর্ঘদিনের এ দাবিকে কেন্দ্র করে।

তৌসিফ মন্তব্য করেন, ভোলা–বরিশাল সেতু শুধু দুটি জেলার নয়, বরং পুরো দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন—যৌক্তিক এ দাবি যেন দ্রুত বিবেচনায় নেওয়া হয়।