
মার্কিন শুল্ক নীতির তীব্র সমালোচনা করে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া বার্তা দিয়েছেন। তার অভিযোগ, কিছু দেশ ও তাদের নেতারা ভারতের দ্রুত অগ্রগতি মেনে নিতে পারছেন না।
এনডিটিভি জানায়, রাজনাথ সিং মজার ছলে ট্রাম্পকে ‘সবকে বস’ আখ্যা দিয়ে বলেন, “ভারত এত দ্রুত এগোচ্ছে—এটা তাদের ভালো লাগছে না। কিন্তু সত্যি বলতে, সবকে বস তো আমরাই, নইলে এত উন্নতি সম্ভব হতো না।”
শনিবার (১০ আগস্ট) মধ্যপ্রদেশের রাইসেন জেলার উমারিয়া গ্রামে বিএইএমএলের ‘ব্রহ্মা’ রেল হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, “এখন এমন এক চেষ্টা চলছে যাতে ভারতের তৈরি পণ্যের দাম বাড়িয়ে বিদেশি বাজারে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল করে দেওয়া যায়।”
তার ভাষায়, “তাদের উদ্দেশ্য স্পষ্ট—বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা কমিয়ে দেওয়া। কিন্তু আমি আশ্বস্ত করছি, কোনো বৈশ্বিক শক্তিই ভারতের উন্নয়নের গতি থামাতে পারবে না। ভারত সুপারপাওয়ার হবেই।”
রাজনাথ সিং আরও বলেন, ভারতের উন্নতি এখন শুধু অর্থনৈতিক খাতে সীমাবদ্ধ নয়; প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতেও দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। এর মূল কারণ, ‘আত্মনির্ভর ভারত’-এর অঙ্গীকার। ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে তিনি জানান, সেই অভিযানে সেনারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করেছিলেন, যা ছিল সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি।
তিনি স্মরণ করিয়ে দেন, আগে ভারতের প্রায় সব সামরিক সরঞ্জাম—বিমান, যুদ্ধাস্ত্র, গোলাবারুদ—বিদেশ থেকে আমদানি করতে হতো, যা অর্থনৈতিকভাবে ব্যয়বহুল ছিল এবং কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণও। “এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা শুধু নিজেদের চাহিদা পূরণ করছি না, বরং বিমান থেকে অস্ত্র, এমনকি উন্নত সামরিক সরঞ্জামও বিদেশে রপ্তানি করছি। প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি এবার ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ছুঁয়েছে,” বলেন তিনি গর্বভরে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে তিনি ভারতের প্রতিরক্ষা বিপ্লবের চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন। তার মতে, নতুন ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বে দেশের অবস্থান আরও মজবুত করছে।
দৃঢ় কণ্ঠে রাজনাথ সিং ঘোষণা দেন, “এখন সময় এসেছে বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে, ভারত কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, আর আমাদের উন্নয়নের ধারা কেউ থামাতে পারবে না।