
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়ড ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে—একজন উপদেষ্টা দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং অন্যজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকা ছাড়তে পারেন।
জুলকারনাইন আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগের অনুমতি দেওয়া উচিত নয়।
এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনও পাওয়া যায়নি।