
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) ইমরান আহমেদ। নিহত দুই শিশু স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে দুই ভাই বাসার পাশের একটি পুকুরপাড়ে ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে তারা সেটি তুলতে পানিতে নামে। এ সময় পানিতে ডুবে যায় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে।
উদ্ধারের পর দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহতরা কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। পরিবারটি চার বছর ধরে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল। দুই শিশু কাঁচপুর পুরান বাজারের আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তাদের বাবা সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে চাকরি করেন।
দুই সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা জিয়াউর রহমান জানান, ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তার দুই ছেলে মারা গেছে। তাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।