
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে দুজন আপন ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন—মারকইল-সাহাপুকুর গ্রামের মৃত নওশাদ আলীর দুই ছেলে মিলন (৬০) ও আলম (৫৫)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টা ও ৯টার দিকে তারা মারা যান—এক ঘণ্টার ব্যবধানে।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য আমিনুল ইসলাম–সমর্থক ও বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকন–সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন আহত হন।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে মিলন ও আলম গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে বুধবার রাতে মিলন মারা যান রাত ৮টার দিকে, আর আলম মারা যান রাত ৯টার দিকে।
ওসি আরও বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
তবে এ ঘটনাকে রাজনৈতিক সংঘর্ষ নয় বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতারা। তাদের মতে, এটি মূলত স্থানীয় গ্রাম্য বিরোধ থেকে সৃষ্ট।
সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “দুই পক্ষে বিএনপির লোকজন থাকলেও হামলা কোনো রাজনৈতিক কারণে হয়নি। এটা স্থানীয় দ্বন্দ্ব থেকে ঘটেছে।”
একই বক্তব্য দেন নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, স্থানীয় গ্রাম্য রাজনীতির জের থেকেই সংঘর্ষ হয়েছে।”