ট্রাম্প দম্পতির সঙ্গে অধ্যাপক ইউনূস, পাশে মেয়ে দিনা

image 194

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি শুক্রবার রাতে ভাষণ দেন।

এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক ইউনূস। সেখানকার একটি ছবি শনিবার ভোরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ট্রাম্প দম্পতির পাশে দাঁড়িয়ে আছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর ডানপাশে রয়েছেন মেয়ে দিনা ইউনূস, যিনি শাড়ি পরে উজ্জ্বল মুখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ছবিটি ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোলা। অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ ছাড়া ওই অনুষ্ঠানে তিনি বিশ্বের নানা দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।