ট্রেন আটকে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীদের বিক্ষোভ

image 60

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় মনোনয়ন না পাওয়ায় বঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে নেত্রকোণার মোহনগঞ্জ ও ঢাকার সঙ্গে রেলযোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের ভোগান্তি নিরসন করে বিক্ষোভকারীদের রেললাইনে থেকে সরিয়ে দেন। ফলে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিক্ষোভকারীরা মনোনয়নবঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের পক্ষে স্লোগান দেন এবং গৌরীপুর আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, বিক্ষোভের কারণে অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোণা-মোহনগঞ্জ ও ঢাকার সঙ্গে সরাসরি রেলযোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।