আজ শেরেবাংলা একে ফজলুল হকের জন্মদিন

image 523

অবিভক্ত বাংলার প্রখ্যাত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি ‘শেরে বাংলা’ (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে সমাদৃত ছিলেন।

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কৃষকদের কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছিলেন। কৃষকের সমস্যা সমাধানের জন্য তিনি ঋণ সালিশি আইনসহ একাধিক আইন পাস করেন। কৃষির আধুনিকীকরণের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’, যা বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।

১৯৩৫ সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন এবং ১৯৩৭ থেকে ১৯৪৩ পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন।

১৯৫৪ সালের ১৫ মে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এ কে ফজলুল হক। ১৯৫৫ সালে পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী পদ লাভ করেন। ১৯৫৬ সালের ২৪ মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে এবং এরপর ৪৬ বছরের বৈচিত্রময় রাজনৈতিক জীবন থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।

২৭ অক্টোবর ১৯৫৮ সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ দিয়ে সম্মানিত করা হয়।

৮৮ বছর বয়সে, ২৭ এপ্রিল ১৯৬২ সালে মারা যান শেরে বাংলা এ কে ফজলুল হক। ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবরও রয়েছে। এই তিন নেতার সমাধিস্থলকে ঐতিহাসিক ‘তিন নেতার মাজার’ নামে পরিচিত।