
শীত পুরোপুরি নামার আগেই অনেকের হাত–পা ফেটে গিয়ে চামড়া ওঠা শুরু হয়েছে। বিশেষ করে হাতের চামড়া ওঠা শীতকালে আরও বেশি বিরক্তিকর হয়ে ওঠে। তবে সারা বছরই যদি এমনটা চলতে থাকে, তাহলে এটি শুধু সৌন্দর্যের সমস্যা নয়—বরং একটি স্বাস্থ্যগত সতর্ক সংকেত। চিকিৎসা পরিভাষায় এই অবস্থাকে বলা হয় কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিকা।
কেন চামড়া ওঠে?
বিশেষজ্ঞরা জানান, হাত–পায়ের চামড়া ওঠার পেছনে রয়েছে নানা কারণ—
- বংশগত প্রভাব
- ত্বক পরিচর্যার অভাব
- শরীরে পানির ঘাটতি
- রোদে পোড়া বা অতিরিক্ত ঠান্ডা
- ঘন ঘন হাত ধোয়া বা রাসায়নিকের ব্যবহার
- শুষ্ক ত্বক ও সংক্রমণ
- রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া
- একজিমা বা অন্যান্য ত্বকের রোগ
তবে চিকিৎসকদের মতে, এর সবচেয়ে সাধারণ কারণ ভিটামিনের ঘাটতি।
কোন ভিটামিনের ঘাটতিতে এমন হয়?
ভিটামিন A
ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ঘাটতিতে ত্বক হয় রুক্ষ ও শুষ্ক।
উৎস: গাজর, কুমড়া, পালং শাক, পেঁপে, দুধ, ডিম।
ভিটামিন B12
রক্তকণিকা তৈরি ও স্নায়ুর কার্যকারিতায় জরুরি। অভাবে ক্লান্তি, ত্বকের রং পরিবর্তন ও কোষ ক্ষয়ের সমস্যা হয়।
উৎস: মাছ, মাংস, ডিম, দুধ, দই, ছোলা।
ভিটামিন C
ক্ষত নিরাময় ও ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
উৎস: কমলা, লেবু, পেয়ারা, আমলকি, টমেটো।
ভিটামিন D
হাড় শক্ত রাখে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
উৎস: রোদে থাকা, মাছ, ডিমের কুসুম, দুধ।
ভিটামিন E
ত্বকের প্রাকৃতিক রক্ষাকবচ। ঘাটতিতে ত্বক খসখসে হয়ে পড়ে।
উৎস: বাদাম, অ্যাভোকাডো, সূর্যমুখী তেল, অঙ্কুরিত শস্য।
চিকিৎসকদের মতে, ভিটামিন B3-এর ঘাটতি বা ভিটামিন A-এর অতিরিক্ত গ্রহণ হলেও হাত–পায়ে চামড়া উঠতে পারে।
কি করবেন?
- খাদ্যতালিকায় রাখুন প্রচুর সবুজ শাক–সবজি, ফলমূল
- নিয়মিত ডিম, দুধ, মাছ ও ওমেগা–থ্রি সমৃদ্ধ খাবার খান
- পর্যাপ্ত পানি পান করুন
- ত্বক নিয়মিত ময়েশ্চারাইজ করুন
যদি নিয়মিতই চামড়া ওঠে এবং কমার বদলে বাড়তে থাকে, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ, সুন্দর ত্বকের মূল রহস্য ভেতর থেকে পাওয়া সঠিক পুষ্টি।