
নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠন করা হচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী এবং প্রায় ১৮ জন প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় দলের বেশিরভাগ সিনিয়র নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন, দক্ষ ও অভিজ্ঞ অনেককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া দলের কিছু সিনিয়র সদস্যও রয়েছেন। বর্তমান সরকারের দু’জন সদস্যও নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন।
টেকনোক্র্যাট কোটায় একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হবেন। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের কিছু নেতারাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
আজ মঙ্গলবার নতুন মন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অবহিত করা হবে। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক মহল এবং দেশের মানুষ কৌতূহল প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারম্যান ছাড়া এ বিষয়ে অন্য কারও কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে দলের নেতারা জানিয়েছেন। দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে। সব দিক বিবেচনা করে মন্ত্রিসভার সদস্য নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।