ফেসবুকে ছড়ানো ভিডিও নিয়ে তাসনিম জারার ব্যাখ্যা

image 186

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় স্বাস্থ্যসেবা বিষয়ক বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানান আলোচনা ও সমালোচনা উঠেছে, যার প্রেক্ষিতে এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা নিজের ব্যাখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ভিডিওতে শুধু তাকে কেন দেখা গেলো, অন্য দলের রাজনীতিবিদরা কেন নেই—এমন প্রশ্ন উঠেছে। তিনি জানান, বিষয়টি পরিষ্কার করা জরুরি।

ডা. তাসনিম জারা জানান, “গতকাল সরকার আমাদের তিনটি অফিসিয়াল প্রোগ্রামের শিডিউল দিয়েছিল (সকাল ৮টা, দুপুর ১টা ও সন্ধ্যা ৬টা)। প্রতিটি প্রোগ্রামের মধ্যে কয়েক ঘণ্টা অবসর সময় ছিল। আমি খুঁজছিলাম, এই সময় কীভাবে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নানা সাইড ইভেন্ট হয়, যা আয়োজন করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আইএনজিও ও থিংকট্যাঙ্ক। সেসব কার্যক্রমে যোগ দিয়ে প্রফেশনালভাবে পরিচিত হওয়া যায়।”

image 187

তিনি আরও জানান, এক সহকর্মী তাকে জানিয়েছিলেন যে মেডট্রনিক ল্যাবস এবং ব্র্যাক বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনা আয়োজন করছে। এটি তার অবসর সময়ের মধ্যে পড়ায় তিনি সেখানে অংশগ্রহণ করেছেন।

ডা. জারা বলেন, “রাজনীতিতে আসার আগে আমি সহায় হেলথ থেকে মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাকের সঙ্গে কাজ করেছি। সেই পরিচিতির ভিত্তিতে আমন্ত্রণ পেয়েছি। এটি ইনভাইট-অনলি অনুষ্ঠান ছিল, সরকার থেকে আমাকে পাঠানো হয়নি। সম্ভবত এজন্য সরকারি প্রতিনিধিরা এক পাশে বসেছিলেন, আর আমাকে অন্য পাশে বসার ব্যবস্থা করা হয়েছিল।”

তিনি কিছু গণমাধ্যমের ভুল তথ্যও সংশোধন করেন। “আমার প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দেওয়ার কোনো বিষয় নেই। সেশনটির শিরোনাম ছিল ‘ব্লুপ্রিন্ট’, যেখানে মূল বক্তব্য দিয়েছেন অন্যরা। আমি শুধুমাত্র মেডিকেল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে মন্তব্য করেছি।”

শেষে তিনি জানান, “এটাই একমাত্র অনুষ্ঠান নয় যেখানে আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশগ্রহণ করেছি। প্রতিদিনই অবসর সময় কাজে লাগানোর চেষ্টা করছি, অন্য নেতারাও একইভাবে নিজেদের অবসর সময়ে বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়েছেন।”