
আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার এলাকা নিয়ে গঠিত। এই আসনের মধ্যে রয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের কিছু অংশ।
ইসি সূত্র জানায়, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালানোর জন্য নির্বাচন কমিশন সকল প্রার্থী এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।