
টেস্টে সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তাইজুল ইসলাম। মিরপুরে চলা টেস্টের তৃতীয় দিনেই সাকিবের সমান ২৪৬ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। পরদিনই তিনি ছুঁয়ে যান নতুন রেকর্ড—৫৭ টেস্টে ২৪৯ উইকেট। চলমান আইরিশদের বিপক্ষে ম্যাচের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে ৩৩ বছর বয়সী বাঁ-হাতি স্পিনারের।
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় দিয়েছেন, তাইজুলকে ফেসবুকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “অভিনন্দন তাইজুল। যখন তুমি ক্যারিয়ার শেষ করবে, তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে পারি। শুভকামনা।”
বাংলাদেশের সাবেক অধিনায়ক ৭১টি টেস্ট খেললেও তাইজুল মাত্র ৫৭টি খেলেই সর্বোচ্চ উইকেটশিকারির খেতাব অর্জন করেছেন। সাকিব কেবল বিশেষজ্ঞ স্পিনার নন, দীর্ঘ সময় ধরে অলরাউন্ডার হিসেবেও টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাইজুলও তার পূর্বসূরীকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “সাকিব ভাই বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছেন। দীর্ঘ সময় বিশ্বের এক নম্বর অবস্থানে ছিলেন। উনার কোয়ালিটি ও অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়েছে। উনি সবসময় আমাদের সাজেশন দিতেন এবং আমরা কীভাবে এগোতে পারি তা নিয়ে আলোচনা করতেন।”