
সিলেট মহানগরে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ লক্ষ্যে নগরের বিভিন্ন পয়েন্টভিত্তিক একটি প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে পুলিশ। তালিকা অনুযায়ী, সিএনজির সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এসএমপির ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ নাগরিকদের মতামত নিয়েই ভাড়ার খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নগরবাসীকেও মতামত প্রদানের অনুরোধ জানানো হয়েছে— যা ফোন, ই-মেইল বা এসএমপির ফেসবুক পেজে পাঠানো যাবে।
ঘণ্টা ভিত্তিক ভাড়ার ক্ষেত্রে প্রতি ঘণ্টা ১৫০ টাকা এবং অতিরিক্ত প্রতি ৩০ মিনিটে ৭৫ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে।
এর আগে রিকশার ভাড়ার একটি খসড়া তালিকাও প্রকাশ করেছিল মহানগর পুলিশ। নতুন তালিকায় সিলেট নগরের প্রধান এলাকাগুলো— বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, হুমায়ূন রশীদ চত্বর, মেডিকেল, বাস টার্মিনাল, শাহপরান মাজার গেট, শাহজালাল বিমানবন্দরসহ বিভিন্ন রুটে যাতায়াতের সর্বনিম্ন-সর্বোচ্চ ভাড়া বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল, আম্বরখানা, সুবিদবাজার, শাহজালাল উপশহর, জালালাবাদ, কদমতলী, চন্ডিপুল, মোগলাবাজার, বিশ্বনাথ, সালুটিকরসহ উপশহর ও বাইপাস অঞ্চলের বিভিন্ন রুটের ভাড়াও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।