
সিলেট জেলার সব উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ঠিক সেই সময় হঠাৎ ফোন আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
ফোনে তিনি সিলেটের সামগ্রিক নির্বাচনি পরিস্থিতি ও যুবদলের মাঠের কর্মযজ্ঞ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির বিজয়ের কোনো বিকল্প নেই। তাই সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে।
গত রোববার রাতে দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর জন্য নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে কাজ করতেই হবে—এটি হাইকমান্ডের স্পষ্ট নির্দেশ। কেউ যদি ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেয়, তার বিষয়ে দল কঠোর সিদ্ধান্ত নেবে।
মতবিনিময় সভায় সিলেট জেলা যুবদলের অধীন ১৩টি উপজেলা ও ৬টি পৌরসভা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তারেক রহমানের ফোন কলের বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেল, যুগ্ম সম্পাদক রুমেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মুশতাক আহমদসহ আরও অনেকে।