
কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি পাহাড়ি গ্রামীণ সড়কে চলন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সময় ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এল চিসপেরো এলাকার রেমেডিওস ও জারাগোজাকে সংযুক্তকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন এবং নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
অ্যান্টিওকুইয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষের পর উদ্যাপনের অংশ হিসেবে শিক্ষা সফরে সমুদ্রসৈকতে ভ্রমণে গিয়েছিল।
স্কুল কর্তৃপক্ষ জানায়, এই শিক্ষা সফরের আয়োজন শিক্ষার্থীরাই করেছিল।
গভর্নর আন্দ্রেস জুলিয়ান ঘটনাটিকে পুরো কমিউনিটির জন্য অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে।