স্ত্রী ও শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টার চেষ্টা, বারান্দায় খোঁড়া হয়েছিল ‘কবর’

image 68

ফরিদপুরের সদরপুরে স্ত্রী ও শাশুড়িসহ পরিবারের তিনজনের যৌথ পরিকল্পনায় ঠান্ডু বেপারিকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে ভাসানচর ইউনিয়নের মুন্সি গ্রামে সংঘটিত এ ঘটনায়, পাশের ঘরের বারান্দায় আগে থেকে একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল।

ভুক্তভোগী ঠান্ডু বেপারি (৩৫) সদরপুর উপজেলার ছলেনামা এলাকার বেপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে ঘুমিয়ে পড়ার পর স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম এবং দাদি শাশুড়ি জনকী বেগম মিলে তাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করেন। মুখে দাঁড়ি থাকার কারণে গলা পুরোপুরি কাটা সম্ভব হয়নি এবং ঠান্ডু বেপারি বেঁচে যান।

তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এরপর সদরপুর থানায় খবর দেওয়া হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানিয়েছেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।