
এসএসসি পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন বাতিলের দাবিতে শাহবাগে কিছু শিক্ষার্থী বিক্ষোভের চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাদের জমায়েত ভণ্ডুল করে দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে ‘৩৬ জুলাই’ স্মৃতি স্তম্ভের আশপাশে তারা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে দেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা কিছুক্ষণ বিক্ষিপ্তভাবে ঘুরে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে সায়েন্সল্যাবের দিকে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের এই জমায়েত ও মিছিলের প্রচেষ্টার বিষয়ে আগাম তথ্য পাওয়া গেছে। যদিও নির্ভরযোগ্য তথ্য ছিল না, তবু পুলিশ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল।
উল্লেখ্য, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুক গ্রুপগুলোতে এই আন্দোলনের খবর ছড়াচ্ছিল। তবে এ আন্দোলনের পেছনে কারা রয়েছেন, তা জানা যায়নি।