
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।
শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন।
স্নিগ্ধ বলেন, “নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। আমি মনে করেছি, এই বৃহৎ দলের সঙ্গে যুক্ত হয়ে তরুণদের নিয়ে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর ক্ষেত্রে আমি বিএনপির প্ল্যাটফর্মটি কাজে লাগাতে পারব।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমার জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরাতে শহীদ হয়েছেন। আমরা উত্তরা-আজমপুরে ছোট থেকে বড় হয়েছি। তাই আমার সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে উত্তরা কেন্দ্রিক আসনে কাজ করার।”
স্নিগ্ধ বলেন, “যদি কখনো সুযোগ আসে, এবং আমার দল মনে করে আমি এই দায়িত্বের জন্য যোগ্য, আমাকে জিজ্ঞাসা করলে আমি অবশ্যই উত্তরা কেন্দ্রিক আসনে কাজ করতে চাইব।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে আমি আশা করি একটি ইতিবাচক এবং প্রতিযোগিতামূলক পরিবেশ থাকবে। কোনো হানাহানি বা মারামারি হবে না। সবাই একে অপরের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর করে তুলবে। যদিও দলীয় স্বার্থে প্রতিপক্ষ থাকলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে—এটাই আমি আশা করি।”
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন স্নিগ্ধ। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।