
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল চারটার পর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাকে সিপিআর দেওয়া হয়। কানের আশপাশেও গুলির আঘাত রয়েছে।
এর আগে দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদির ওপর গুলি চালায়। তার সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে তারা রিকশায় যাওয়ার সময় হাদির বাম কানের নিচে গুলি লাগে। গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে মোটরসাইকেলে আসা আরোহীরাই হাদিকে গুলি করেছে, তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
হত্যার হুমকি পেয়েছিলেন হাদি
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের ভয়াবহ হুমকি পেয়েছিলেন শরিফ ওসমান হাদি। ১৪ নভেম্বর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা করার পাশাপাশি তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও এসেছিল। হাদির দাবি অনুযায়ী, কয়েক ঘণ্টায় বহু বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট বার্তা আসে এবং তাকে নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানানো হয়।