বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

image 266

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে জনসমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলতে এবং বড় ধরনের জনসমাগমের আশপাশে চলাচলের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।