দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাইয়ে পিটুনি

web 3 2

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পিরোজপুরের ইন্দুরকানীতে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। হিরণ নামের এই নেতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করার কারণে স্থানীয় জনতার হাতে আহত হন এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (১৭ আগস্ট) সকালে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনা ঘটে শনিবার রাত ৯টার দিকে ঘোষেরহাট বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকায় আনন্দ উদযাপন করে মিষ্টি বিতরণ করেছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকা হিরণকে স্থানীয়রা শনিবার রাতে বাজারে দেখে আটক করে। প্রথমে তাকে মিষ্টি খাওয়ানো হয়, পরে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি মো. মারুফ হোসেন জানান, হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হবে।