সৌদি আরবে অমুসলিমদের জন্য আরও দুটি মদের দোকান চালুর পরিকল্পনা

image 341

সৌদি আরব অমুসলিম বিদেশিদের জন্য আরও দুটি মদের দোকান চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান বিশেষভাবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য নির্ধারিত হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এই উদ্যোগকে দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন–২০৩০ কর্মসূচির অংশ হিসেবে গণ্য করা হচ্ছে। সৌদি সরকার সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সীমিতভাবে অমুসলিমদের জন্য মদের দোকান চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

গত বছর রিয়াদে প্রথমবারের মতো একটি মদের দোকান খোলা হয়েছিল, যা মূলত অমুসলিম কূটনীতিকদের জন্য নির্ধারিত। এর আগে ৭৩ বছর ধরে দেশটিতে মদের দোকান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। রিয়াদের এই দোকানটি কূটনৈতিক এলাকার একটি ভবনে ‘বুজ বাংকার’ নামে পরিচিত।

নতুন দুটি দোকানের মধ্যে একটি হবে দাহরান শহরে, যেখানে অনেক আরামকোর বিদেশি কর্মী বসবাস করেন, এবং অন্যটি জেদ্দায়, যেখানে বিভিন্ন দূতাবাস ও অমুসলিম কূটনীতিক থাকেন। সৌদি কর্তৃপক্ষ লক্ষ্য রেখেছে, উভয় দোকানই ২০২৬ সালের মধ্যে চালু করা হবে, যদিও চূড়ান্ত সময় এখনো ঘোষণা করা হয়নি।

সূত্র জানিয়েছে, রিয়াদের দোকানের গ্রাহক তালিকায় সম্প্রতি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দক্ষতা, উদ্যোক্তা পরিচয় বা বড় বিনিয়োগের কারণে বিশেষ আবাসিক সুবিধা পান। এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে বিদেশিদের জন্য মদ বিক্রির সুযোগ আরও বিস্তৃত হতে পারে।

তবে নতুন দোকান চালুর বিষয়ে সরকারি গণমাধ্যম বা আরামকো এখনো কোনো মন্তব্য করেনি। বর্তমানে রিয়াদে আগে মদ পাওয়া যেত কেবল কূটনৈতিক চ্যানেল, কালোবাজার বা নিজে তৈরি করার মাধ্যমে। উপসাগরীয় অঞ্চলের সব দেশেই কুয়েত ছাড়া সীমিত আকারে মদ বিক্রি হয়।