সাংবাদিক তুহিন হত্যা: এক আসামির দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি

image 24

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে শাহাজালাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


সোমবার (১১ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে সাতজন আসামিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করা হয়। পুলিশের দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে আনা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, আসামি শাহাজালাল হত্যার দায় স্বীকার করেছেন এবং আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত সাতজনকেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (৯ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশ হেফাজতে পাঠান।

শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যায় সরাসরি আটজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। খুব দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে।’