স্বামী-শাশুড়ির অনুরোধে বাড়ি ফেরার ১.৫ ঘণ্টা পর গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ”

image 140

স্বামী-শাশুড়ির অনুরোধে বাড়ি ফেরার দেড় ঘণ্টা পর গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির সামনে ভ্যানের ওপর পড়ে থাকা জান্নাতি ইসলাম (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার চর-শালনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী সাজ্জাদ মিয়া (৩০) ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এ বছরের জুন মাসে রঘুনাথপুর গ্রামের জান্নাতির সঙ্গে শালনগর গ্রামের সাজ্জাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জান্নাতির ওপর নির্যাতন শুরু হয়। একপর্যায়ে পারিবারিক কলহের কারণে গত মাসের ৩০ তারিখে তিনি বাবার বাড়িতে চলে যান।

তিন দিন পর সাজ্জাদ শ্বশুরবাড়িতে গিয়ে জান্নাতিকে ফেরত নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হন। এরপর গত সোমবার দুপুরে সাজ্জাদ ও তাঁর মা অনুরোধ করে জান্নাতিকে ফের নিজের বাড়িতে নিয়ে যান।

বাড়িতে নেওয়ার দেড় ঘণ্টা পরই সাজ্জাদের ফোনে জানানো হয়, জান্নাতি অসুস্থ হয়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তবে হাসপাতালে বা কোনো ক্লিনিকে তাঁর খোঁজ না পেয়ে পরে স্থানীয় এক ব্যক্তি জানান, সাজ্জাদের বাড়ির সামনে একটি অটোভ্যানে জান্নাতির মরদেহ পড়ে আছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। জান্নাতির বাবা-মা অভিযোগ করেছেন, সাজ্জাদ ও তাঁর পরিবার পরিকল্পিতভাবে তাঁদের মেয়েকে হত্যা করে পালিয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।