সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণ প্রকাশ সালাহউদ্দিনের

সংবিধান সংস্কার পরিষদে বিএনপির সদস্যদের শপথ না নেয়ার কারণ জানালেন সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শপথ গ্রহণ করেছেন। একই দিনে নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও, বিএনপির সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সকালে শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ ভবনের শপথ কক্ষে এ তথ্য জানান।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও বিএনপির কেউ এই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। এছাড়া সংবিধানে এটি এখনও অন্তর্ভুক্ত হয়নি।

সালাহউদ্দিন আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ গ্রহণ করবেন তা সংবিধানে বিধান হিসেবে থাকা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। তাই বিএনপি সংবিধান মেনে এ পর্যন্ত চলেছে এবং ভবিষ্যতেও চলবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হচ্ছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরার ঘটনা। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হবেন ডা. শফিকুর রহমান।