
আসন্ন সংসদ নির্বাচনের আগে বিএনপি ২৩৭টি আসনের জন্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে সেই তালিকায় দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম ছিল না।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
রাতেই এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা জানান, তার মনোনয়ন আপাতত ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে। এখনও অনেক আসন চূড়ান্ত হয়নি এবং দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজছে। সেই ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রকাশিত তালিকাটি এখনও প্রাথমিক এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন।
রুমিন ফারহানা উল্লেখ করেন, ১২ থেকে ১৫ বছর ধরে যারা সুখ-দুঃখে বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা চলছে। এজন্য ৬৩টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা চলছে।
মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ নিয়ে তিনি বলেন, বড় দলের ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই সীমিত হয়। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না।
নারী প্রার্থীর সংখ্যা নিয়ে তিনি বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব।