
খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ’ মনে করছেন রুমিন ফারহানা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারের ঘটনা একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ মনে করছেন সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বহিষ্কার সত্ত্বেও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যমকে মুঠোফোনে রুমিন ফারহানা বলেন, যেদিন তিনি তার রাজনৈতিক অভিভাবককে হারালেন, সেদিনই দল থেকে বহিষ্কারের চিঠি পেয়েছেন। এই দুই ঘটনাকে তিনি রাজনৈতিক জীবনের অত্যন্ত বেদনাদায়ক এবং ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর দিন নিজের বহিষ্কার পাওয়া তাঁর রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। তিনি মনে করেন, রাজনীতিতে আপস না করে একা দাঁড়ানোর শিক্ষা খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার চলে যাওয়া দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও স্নেহের ছায়ায় তিনি এতদূর এসেছেন। রুমিন ফারহানা এবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।