
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আরও ৩৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে নতুন তালিকাতেও নেই দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার নাম। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন পর্যন্ত মোট ২৭২ আসনে প্রার্থী দিয়েছে দলটি; ২৮টি আসন এখনও শূন্য রয়েছে।
রুমিন ফারহানা প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলার দুটি আসন—ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬—এখনও খালি রয়েছে।
প্রথম দফায় ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। পরবর্তীতে তার প্রার্থিতা স্থগিত করে ওই আসনে নাদিরা আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় বসবাস করছেন।
বিজয়নগর উপজেলা গঠনের আগে এ অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্ভুক্ত ছিল এবং তখন এটি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–সদরের আংশিক) আসনের মধ্যে পড়ত। বর্তমানে পুরো বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অধীনে।
উল্লেখ্য, ১৯৭৩ সালের নির্বাচনে রুমিন ফারহানার বাবা অলি আহাদ এ আসন থেকে নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে জয়ী হন তাহের উদ্দিন ঠাকুর।