
হাদী ইস্যুতে ডাকসু ভিপিকে নিয়ে অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে তিনি জানান, ক্রস চেক না করে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি সভায় দুটি বিষয় নিয়ে বক্তব্য দিয়েছিলেন, যা অনিচ্ছাকৃতভাবে ভুল ছিল। এই ভুল বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
রিজভীর দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি রিজভীর এই পদক্ষেপকে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের নতুন মাত্রা হিসেবে অভিহিত করেন এবং সম্মান ও সাধুবাদ জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, “এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি।” তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকবে, তবে ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি বা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে যুক্ত করা কখনোই কাম্য নয়। এই প্রেক্ষিতে রিজভী ভাইয়ের সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সাদিক কায়েম আরও বলেন, বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের সাধারণ শত্রু হচ্ছে আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা। আমরা তাদের বিরুদ্ধে সজাগ থেকে নিজেদের মতামত ও দলের রাজনীতি চালিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
তিনি ব্যক্তিগতভাবে বলেন, “গতকাল ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেখানে আমার শব্দচয়ন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা ও মূল্যবান পরামর্শ দিয়েছেন, যার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।”