
রাজধানীর রমনা পার্কের লেক থেকে ভাসমান অবস্থায় মো. ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ওয়াসিমুল হক রাজধানীর মগবাজারের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।
ঘটনার বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লেক থেকে ওয়াসিমুল হককে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
ওয়াসিমুল হকের মামাতো ভাই হেলাল খান জানান, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কখনো স্বাভাবিক থাকলেও আবার হঠাৎ অসুস্থ হয়ে যেতেন।
পার্কে উপস্থিত কয়েকজন জানান, কিছুক্ষণ আগে তাকে পার্কে বসে থাকতে দেখা যায়। পরে তার জুতা লেকের ধারে পড়ে থাকতে দেখে তাকেও পানিতে ভাসতে দেখা যায়।