রক লেজেন্ডের প্রস্থান— ক্যান্সারে প্রাণ হারালেন ‘ব্রাউন সুগার’ গায়ক

image 350

মাসের পর মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন মার্কিন সংগীতশিল্পী ডি’অ্যাঞ্জেলো। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত দুই সপ্তাহে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। অবশেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ব্রাউন সুগার’-খ্যাত এই কিংবদন্তি গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

ডি’অ্যাঞ্জেলোর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। এক বিবৃতিতে তারা জানিয়েছে,

“আমাদের পরিবারের উজ্জ্বল নক্ষত্রটি নিভে গেছে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মাইকেল ডি’অ্যাঞ্জেলো আর্চার— যিনি সবার কাছে ডি’অ্যাঞ্জেলো নামে পরিচিত— ১৪ অক্টোবর আমাদের ছেড়ে গেছেন। গভীর দুঃখের সঙ্গে আমরা এই খবরটি শেয়ার করছি।”

তার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন একমাত্র পুত্র মাইকেল জুনিয়র (২৭)। পরিবার জানায়, “ছেলেটির ওপর অনেক কষ্ট নেমে এসেছে। কয়েক মাস আগেই সে মাকে (অ্যাঞ্জি স্টোন) হারিয়েছে, এখন বাবাকেও হারাল।”

নিজের শোকবার্তায় মাইকেল জুনিয়র বলেন,

“আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা বাবার অসুস্থতার সময়ে প্রার্থনা করেছেন। এই বছরটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি জানি, বাবা-মা দু’জনেই আমাকে শিখিয়েছেন— যতো কষ্টই আসুক, নিজের ভেতরের শক্তিটা হারাতে নেই। আমি সেটাই করার চেষ্টা করছি।”

গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে **‘ব্রাউন সুগার’, ‘মি অ্যান্ড দোজ ড্রিমিং আইজ অব মাইন’, ‘ডেভিল্‌স পাই’**সহ বহু হিট গান। তার মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্ত-সহশিল্পীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।