
চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে ধারালো অস্ত্রের মুখে কর্মচারীকে জিম্মি করে আবু হেনা কায়সার নামে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। তিনি জানান, দুই বছর ধরে পাশের ওয়াহেদপুর ইউনিয়নে তার ছাগলের খামার রয়েছে এবং দেখভালের জন্য সেখানে একজন কর্মচারী থাকেন।
তার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামার এলাকায় এসে ধারালো অস্ত্রের মুখে ওই কর্মচারীকে জিম্মি করে। পরে খামারে থাকা ৪০টি ছাগল লুট করে নিয়ে যায় তারা।
লুট হওয়া ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে জানান তিনি। এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রে মৌখিকভাবে জানানো হয়েছে এবং প্রয়োজন হলে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান খামার মালিক।
নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, কর্মচারীকে বেঁধে একটি খামার থেকে ছাগল লুটের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।