
ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জুলাইয়ের আলোচিত রিকশাচালক মো. সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে তিনি ফর্ম সংগ্রহ করেন। ফর্ম নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “যারা এতিমের টাকা খরচ করে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন; আমি রিকশাচালক হয়ে কেন সংসদে যেতে পারব না?”
এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।
ঢাকা-৮ আসনে অন্য প্রার্থী হিসেবেও ইতিমধ্যে মনোনয়ন ঘোষণা হয়েছে। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।