
ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, এখনো ৩৫টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়নি এবং ইচ্ছাকৃতভাবে ফল আটকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয়টি কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন তিনি।
পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিনবার করে ভোট গণনা করা হয়েছে। এ সময় এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ দেখানোর জন্য মির্জা আব্বাস ও তার লোকজন চাপ সৃষ্টি করছেন।
শাহিন আহমেদ আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফলের কাগজ তারা হাতে পেয়েছেন। কিন্তু এখন এসব কেন্দ্রের ফল পুনর্গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও ফল প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।