রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে

mirror

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আইনসভার উভয় কক্ষ—জাতীয় সংসদ ও প্রস্তাবিত উচ্চকক্ষ—এর সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে চলমান সংলাপের ২৩তম দিনে দুপুরের বিরতির পর আলোচনায় বিষয়টি উপস্থাপন করা হলে এ সম্মতিতে পৌঁছানো হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবে বলা হয়, দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন আইন অনুযায়ী সংসদের উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এবং প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

এছাড়াও রাষ্ট্রপতি প্রার্থীর যোগ্যতা সম্পর্কে সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৪)-এ বিদ্যমান শর্তসমূহ বহাল রাখার পাশাপাশি নতুন করে একটি উপধারা যোগ করার প্রস্তাব আসে। প্রস্তাবিত ৪৮(৪)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সময় কোনো ব্যক্তি রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দলের কোনো পদে থাকতে পারবেন না।

আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল এই প্রস্তাবকে ইতিবাচক বলে মন্তব্য করে এবং রাষ্ট্রপতি নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে এই বিধান যুক্ত করার পক্ষে মত দেয়।

জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে আয়োজিত চলমান এই সংলাপে প্রতিদিন বিভিন্ন দফায় রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো ও নির্বাচনী সংস্কার বিষয়ে আলোচনা করে আসছে।