
আজ ১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস। এ বছর দিবসটি ১৩তম বার্ষিকীতে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও বিশ্বের ১৫০টির বেশি দেশে দিনটি পালিত হচ্ছে। ‘হিজাব গর্বের সঙ্গে পরিধান করুন’—এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের মাঝে হিজাব উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাকসু ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
আয়োজকদের ভাষ্য, হিজাব কেবল একটি পোশাক নয়; অনেক শিক্ষার্থীর ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিচয়ের প্রতি সম্মান জানাতেই রাকসুর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হিজাব পাওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষে এমন ভিন্নধর্মী আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত। একজন শিক্ষার্থী জানান, আগে হিজাবকে নিজের অধিকার হিসেবে প্রকাশ করতে অনেকেই দ্বিধা অনুভব করতেন। এখন গর্বের সঙ্গে তা ধারণ করা যাচ্ছে। এই ধরনের উদ্যোগ হিজাব পরতে আগ্রহী কিন্তু দ্বিধাগ্রস্ত শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। তাদের মতে, হিজাব নারীদের জন্য কোনো প্রতিবন্ধকতা নয়; বরং আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক।
আরেক শিক্ষার্থী বলেন, হিজাব মুসলিম নারীদের গর্ব। অথচ বর্তমানে হিজাব নিয়ে নানা কটূক্তির শিকার হতে হয়, যা অত্যন্ত বেদনাদায়ক। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, এমন একটি সমাজ গড়ে উঠুক, যেখানে প্রতিটি মুসলিম নারীর হিজাবকে সম্মানের চোখে দেখা হবে। রাকসুর এই আয়োজনকে তারা সাধুবাদ জানান এবং ধারাবাহিকভাবে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হিজাব পরিধানে উৎসাহিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তার আশা, এই উদ্যোগ হিজাবি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং একই সঙ্গে ক্যাম্পাসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানবোধ জোরদার করবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক প্রবাসী নাজমা খান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম বিশ্ব হিজাব দিবস পালনের উদ্যোগ নেন। হিজাব পরার কারণে নানা বৈষম্যের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকেই তিনি এই দিবসের সূচনা করেন। পরবর্তীতে ২০১৭ সালে নিউইয়র্ক রাজ্য ১ ফেব্রুয়ারিকে বিশ্ব হিজাব দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০২১ সালে ফিলিপাইন দিনটিকে জাতীয় হিজাব দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্বের বিভিন্ন দেশে হিজাব পরা নিয়ে নানা প্রতিবন্ধকতা থাকলেও বহু নারীর কাছে এটি আশা, আত্মপরিচয় ও অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।