
রাজধানী ঢাকার বহু ভবন এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আর এর পেছনে রাজউকেরও দায় আছে বলে মন্তব্য করেছেন সংস্থার চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। শুক্রবার (৫ ডিসেম্বর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রাজউক শুধুমাত্র সঠিক নকশারই অনুমোদন দেয়, কিন্তু ভবন মালিকরা সেই নকশা উপেক্ষা করে ইচ্ছেমতো নির্মাণ করেন। কম জনবল ও দুর্নীতির কারণে এসব অনিয়ম ঠেকানো যায় না। তার মতে, সঠিক পরিকল্পনা নিলে রাজধানীকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।
রিয়াজুল ইসলাম আরও বলেন, বাড়ির মালিকরা নকশা অনুমোদনের সময় রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা মানেন না। তাই ভবিষ্যতে নকশা অনুমোদনের সময় রাস্তার অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দলিল করে দেওয়ার নিয়ম বাধ্যতামূলক করা প্রয়োজন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হাউজিং কোম্পানিগুলো আইন, নকশা—কিছুই মানে না। রাজউক যখন ড্রোন জরিপের কথা বলেছে, তখন অনেকে দ্রুত ভবন নির্মাণে ঝুঁকেছে, যেন পরে গুঁড়িয়ে দেওয়া না যায়।
ছায়া সংসদে সেন্ট জোসেফ ও শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্কে উঠে আসে—ভবন নির্মাণে অনিয়ম, দুর্নীতি, তদারকির দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতা—যার ফলে রাজধানীতে লাখো ঝুঁকিপূর্ণ ভবন এখন জনমনে আতঙ্ক তৈরি করছে।