
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে সম্প্রতি এক অদ্ভুত পোস্টার দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পোস্টারে লেখা ছিল, “ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়” এবং দুটি মোবাইল নম্বর দেওয়া ছিল।
সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর মাছ বাজারের দেওয়ালে পোস্টারটি লাগানো ছিল। মাছ ক্রয়-বিক্রি করতে আসা সাধারণ মানুষ পোস্টারটি দেখে বিস্মিত হয়েছেন। অনেকেই জানিয়েছেন, তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ও পোস্টার দেখেছেন, কিন্তু সরাসরি মাদক পাওয়া যাবে এমন পোস্টার এটি প্রথম। এতে জনমনে প্রশ্ন উঁকি দিয়েছে এবং সামাজিকভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, শায়েস্তাগঞ্জ শহরের কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুরানবাজার রেলওয়ে গেট, উলুকান্দি রেলওয়ে গেট এবং নিজগাঁও দিঘীরপাড়। এছাড়া ভ্রাম্যমাণভাবে অন্তত চার থেকে পাঁচটি স্থানে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, এভাবে মাদক বিক্রি হওয়ায় এক শ্রেণির মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। চুরি এবং অন্যান্য অপরাধও বৃদ্ধি পাচ্ছে। তাই সচেতন মানুষ প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।