
জীবিকার তাগিদে উচ্চমাধ্যমিকের পর পোশাক কারখানায় কাজ শুরু করেছিলেন নয়জন তরুণী। তবে এবার তাদের হাতেই খুলে গেল উচ্চশিক্ষার নতুন দিগন্ত। টিম গ্রুপের উদ্যোগে এবং বৈশ্বিক পোশাক ব্র্যান্ড ইন্ডিটেক্সের বৃত্তির মাধ্যমে তারা ভর্তি হয়েছেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW)।
কখনো মান নিয়ন্ত্রণ, সেলাই মেশিন চালানো কিংবা উৎপাদনের কাজে ব্যস্ত থাকা এই তরুণীরা এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিম গ্রুপ ও ইন্ডিটেক্সের সহযোগিতাতেই তাদের এ স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
ভর্তিকৃতদের মধ্যে নিশাত আঞ্জুম নিঝুম (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর), সুমাইয়া আক্তার (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর), সুমাইয়া মিশু (জুনিয়র অপারেটর), মৌসুমী আক্তার (জুনিয়র অপারেটর), নিপা মনি আক্তার (জুনিয়র সুই ইস্যু গার্ল) এবং মুমতারিন ফেরদৌস ছিলেন টিম গ্রুপের প্রতিষ্ঠান ফোরএ ইয়ার্ন ডাইং-এ কর্মরত। অপরদিকে, তৃষা মনি (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর), তানিয়া আক্তার (জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর) এবং সুমাইয়া খাতুন গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অপারেটর হিসেবে কাজ করতেন।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তারা ভর্তি হয়েছেন ৫ বছরের একটি কোর্সে। এর মধ্যে রয়েছে ২ বছরের ফাউন্ডেশন প্রোগ্রাম ও ৩ বছরের স্নাতক কোর্স। পুরো সময় জুড়ে ইন্ডিটেক্স তাদের টিউশন ফি, থাকা-খাওয়া এবং পারিবারিক সহায়তার জন্য মাসিক উপবৃত্তির ব্যবস্থা করবে।
টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব বলেন,
“আমি আশা করি, আগামী দিনগুলোতে তারা সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত হবে। আমি চাই টিম গ্রুপের সীমাহীন আকাশে তারা হয়ে জ্বলুক।”