১৫ নভেম্বর থেকে পরিবর্তন আসছে পুলিশ সদস্যদের ইউনিফর্মে!

image 111

জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর থেকে তীব্র সমালোচনার মুখে রয়েছে পুলিশ বাহিনী। ৫ আগস্টের ঘটনার পর নিরপরাধ অনেক পুলিশ সদস্যের মনোবলও ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারে একাধিক পদক্ষেপ গ্রহণ করে।

প্রথম ধাপে র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ের কর্মকর্তাদের পোশাকেরও ট্রায়াল দেওয়া হয়। তবে নতুন পোশাকের কাপড়ের রঙ নিয়ে বিতর্ক ওঠে। শেষ পর্যন্ত পুলিশের গাঢ় নীল রঙের পরিবর্তে ‘আয়রন গ্রে’ বা লোহা রঙের পোশাক চূড়ান্ত করা হয়।

ফলে ১৫ নভেম্বর থেকে পুলিশের পোশাকে আসছে বড় পরিবর্তন। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সবাইকে দেখা যাবে নতুন আয়রন রঙের পোশাকে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এইচ.এম. শাহাদাত হোসাইন জানান, প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ ও পিবিআইয়ের সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য ইউনিটেও সরবরাহ করা হবে।

অন্যদিকে, র‍্যাবের পোশাক পরিবর্তন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম.জেড.এম. ইন্তেখাব চৌধুরী জানান, যাচাই-বাছাই শেষে নতুন ডিজাইন অনুমোদন দেওয়া হবে। ততদিন পর্যন্ত সদস্যরা আগের কালো পোশাকই ব্যবহার করবেন।

এদিকে, বিশেষজ্ঞদের মত, শুধু পোশাক নয়, পুলিশের মানসিকতা ও কাজের পরিবেশেরও পরিবর্তন জরুরি। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “পুলিশের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে পোশাক পরিবর্তনে তেমন প্রভাব পড়বে না। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে প্রশিক্ষণ ও মানসিক সংস্কারই সবচেয়ে জরুরি।”