
ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির নারী যাত্রীসহ অন্তত ছয়জন আহত হন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দিনগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
আহতরা হলেন—গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার গাউস শিকদারের ছেলে নিয়ামত, টুঙ্গিপাড়া উপজেলার রম্বু খলিফার ছেলে ইয়াছিন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আবেদ আলীর ছেলে হায়দার আলী, একই উপজেলার সোনা মিয়ার ছেলে আমেদ মিয়া, আসাদুজ্জামানের স্ত্রী জুলেখা আক্তার এবং মাসুদ মিয়ার ছেলে রিজভী মিয়া।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে বিকল্প সড়ক ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় কবলিত ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ বাসটি হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ সময় ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।