
ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ারও আশঙ্কা রয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ ও বিমান যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন এই আবহাওয়ায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।