
পাকিস্তানের বারবার পরমাণু হামলার হুমকির জবাবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “নতুন ভারত এসব হুমকিতে ভয় পায় না। আমরা চাইলে ঘরে ঢুকে শত্রুকে শেষ করতে পারি।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশে আয়োজিত এক জনসভায় অপারেশন সিঁদুর–এর সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মোদি বলেন, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী শিবিরগুলোতে অপারেশন সিঁদুর চলাকালে ভারতীয় সেনারা যেভাবে ঘাঁটি ধ্বংস করেছে তা নিজেরাই স্বীকার করেছে ‘জইশ-ই-মোহাম্মদ’। এতে ইসলামাবাদের আসল চেহারা প্রকাশ্যে এসেছে।
তিনি আরও বলেন, “সেই সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হুমকি দিয়েছিলেন—যদি যুদ্ধে পাকিস্তানের অস্তিত্ব সংকট হয় তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কিন্তু এটা নতুন ভারত, আমরা কোনো ভয় পাই না।”
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় সেনারা পাকিস্তান ও পিওকে–তে মোট ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে। এর পাল্টা হিসেবে পাকিস্তান সীমান্তে হামলার চেষ্টা চালায়, তবে ভারতীয় সেনারা তা প্রতিহত করে পাল্টা আঘাত হানে।
জনসভায় মোদি হায়দ্রাবাদ মুক্তি দিবসের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর সর্দার প্যাটেলের দৃঢ় নেতৃত্বে হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা ভারতের গৌরব পুনরুদ্ধার করেছিল।
এ ছাড়া তিনি দেশের বৃহত্তম সমন্বিত টেক্সটাইল পার্কের উদ্বোধন প্রসঙ্গে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং শিল্পে নতুন গতি আনার প্রতিশ্রুতি দেন।