প্রবাসীরা বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন

image 180

প্রবাসীরা আজ বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা কমিশনের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

ইসি জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোট অন্য কেউ দিতে পারবে না এবং ভোটাধিকার সম্পূর্ণ গোপনীয় থাকবে।

প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতিমধ্যেই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।