ইসলামী আন্দোলনের একমাত্র বিজয়ী এমপি অলিউল্লাহ এবার মন্ত্রী হতে চান

Screenshot%202026 02 14%20170321 699056818046e

ইসলামী আন্দোলনের একমাত্র বিজয়ী এমপি অলিউল্লাহ এবার মন্ত্রী হতে চান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৫৩টি আসনে প্রার্থী দিয়েছিল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে ওই প্রার্থীদের মধ্যে শুধুমাত্র বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসন থেকে মাহমুদুল হোসাইন অলি উল্লাহ জয়ী হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে জয় লাভের পর তিনি বরগুনার সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেন। এরপরেই তার সমর্থকরা দাবি তুলেছেন, দেশের একমাত্র এমপিকে যেকোনো মন্ত্রনালয়ের মন্ত্রী পদে অন্তর্ভুক্ত করা হোক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বরগুনার কেওড়াবুনিয়া পীর দরবারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমর্থকরা বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে না গিয়ে ২৫৩ আসনে একক প্রার্থী দিয়েছে। আমাদের কারণে বিএনপি সরকার গঠন করতে পেরেছে। তাই আমাদের এমপিকে মন্ত্রীত্ব দেয়া হোক।

দলের সদর উপজেলা নেতা ইদ্রিসুর রহমান বলেন, “জামায়াতের সঙ্গে সমঝোতা থাকলে বিএনপি এতগুলো আসন পেত না। আমাদের কারণে বিএনপি সারাদেশে ভূমিধস বিজয় পেয়েছে। তাই আমাদের একমাত্র নির্বাচিত এমপি মাহমুদুল হোসাইন অলি উল্লাহ কে মন্ত্রী করা উচিত।”

অলিউল্লাহ বলেন, “আমার ভোট দানকারী বা না দানকারী সকলই এখন আমার জনগণ। জনগণের কল্যাণে যা করা সম্ভব, আমি তা করবো। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে, কিন্তু এবছরের নির্বাচনে আমাদের অবদান মূল্যায়ন করা উচিত। আমাদের প্রার্থীরা যেসব আসনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, তা বিবেচনা করলে বিএনপি সরকার গঠন সম্ভব হয়েছে। যদি তারা আমাদের অবদান গ্রহণ করে, বরগুনার ও জনগণের জন্য এটি লাভজনক হবে।”

বরগুনা-১ আসনে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বী অংশ নেন। জয়ী অলিউল্লাহ ১,৪০,২৯১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত নজরুল ইসলাম মোল্লা পান ১,৩৬,১৪৫ ভোট। ফলে অলিউল্লাহ প্রায় ৪,১৪৬ ভোটের ব্যবধান নিয়ে বেসরকারিভাবে জয়ী হন।