
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে।
বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন উবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেও চলছিল অক্সিজেন সাপোর্ট। গত শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই তার অবস্থা খারাপ হয়ে গেলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন, তবে অবস্থার মারাত্মক সংকট রয়েছে।
গত জুনে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে উবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি দেশ ছেড়েছেন। গণঅভ্যুত্থানের পর দলের দমননীতির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি জানান, দেশের পরিস্থিতি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপযুক্ত হলে তখন ক্ষমা চাওয়া বা ভুল স্বীকারের বিষয় আসবে।