
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। এখন থেকে বাংলাদেশের রাজনীতি দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী হবে, কোনো বিদেশি নির্দেশনায় নয়। নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে হবে তরুণদের।”
শনিবার (৬ ডিসেম্বর) ঠাকুরগাঁও–৩ আসনের পীরগঞ্জে জামায়াতের আয়োজন করা ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, তরুণদের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন।
ভিপি সাদিক কায়েম বলেন, “গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। জুলাইয়ের আন্দোলনে তরুণদের নেতৃত্ব সারাদেশে ‘নীরব বিপ্লব’ সৃষ্টি করেছে। তরুণরা যদি ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে সমর্থন করে, তাহলে দেশের বড় পরিবর্তন সম্ভব।”
তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাসু) প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি প্রমাণ করেছে যে দেশের তরুণরা ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি ঝুঁকছে।
সাদিক কায়েম ঠাকুরগাঁও বিমানবন্দরের অচলাবস্থা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, “নতুন বাংলাদেশে কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না। নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শ্রমিক সমস্যা সমাধানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন।”
তিনি গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতি ‘ফ্যাসিবাদী কাঠামো’ হিসেবে বর্ণনা করে শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে নেতিবাচক প্রভাবের বিষয়টিও তুলে ধরেন। সীমান্তে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিও করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার, প্রধান বক্তা হিসেবে ঠাকুরগাঁও–২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।