আর কোনো আওয়ামী লীগ সমর্থক গ্রেপ্তার হবে না: বিএনপির নেতা

image 81

জামালপুর জেলায় বিএনপির কেন্দ্রীয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যকে ঘিরে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, থানার নির্দেশে আওয়ামী লীগ সমর্থকদের কোনো ধরনের গ্রেপ্তার বা হেনস্থা করা হবে না এবং সবাই মিলে ধানের শীষের পক্ষে ভোট দেবেন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী রহমানী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

এক মিনিটের ওই বক্তব্যে তিনি বলেন, “এখানে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদের আমি অনুরোধ করব—যেহেতু আওয়ামী লীগ আর ৫০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে না, কাজেই আওয়ামী লীগের সমর্থকরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে ধানের শীষে ভোট দেবেন এবং একসঙ্গে থাকবেন। এখানে থানায় বলা হয়েছে, কাউকে কোনো রকম হেনস্থা বা গ্রেপ্তার করা হবে না। বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে কোনো গ্রেপ্তার হবে না।”

তিনি আরও বলেন, “যে অন্যায় করবে, সেটা আলাদা বিষয়। অন্যায়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, যাতে কেউ অন্যায় করতে না পারে। তাদের বিচার হবে। অন্যায় হলে আমরা নিজস্বভাবে বিচার করব না—আইনগতভাবে বিচার করা হবে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্যের ভিডিও ও সংবাদ ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক আলোচনা তৈরি হয়। কেউ বিষয়টিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও, কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।

উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।